গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:০৮ পিএম

অনলাইন সংস্করণ

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব নয়: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করা অসম্ভব। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করে এবং সামরিক হুমকির ভয় দেখায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগের টুইটার) এক পোস্টে খামেনি বলেন, “আমরা এমন একটি পক্ষের মুখোমুখি (যুক্তরাষ্ট্র), যারা প্রতিটি বিষয়ে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা মিথ্যা বলে এবং সামরিক হুমকি দেয়।” তিনি স্পষ্ট করে বলেন, এমন একটি পক্ষের সঙ্গে কোনো আলোচনা বা চুক্তি সম্ভব নয়। খামেনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্র যদি সুযোগ পায়, তাহলে তারা আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালাতে পারে অথবা তাদের সামরিক কর্মকর্তাদের হত্যা করতে পারে। এর আগে ইরানের পারমাণবিক চুক্তিকে সমর্থন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের পক্ষ থেকে একটি প্রস্তাব আনা হয়েছিল, যাতে চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানোর কথা বলা হয়। কিন্তু সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে। এই ঘটনার পরপরই খামেনি যুক্তরাষ্ট্র সম্পর্কে তার এই কঠোর মন্তব্য করেন।