প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫ , ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
যমুনা নামে নতুন উপজেলা বাস্তবায়নের দাবি তুলেছে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত প্রায় দুই লক্ষাধিক মানুষ।
সোমবার (৩ নভেম্বর) উপজেলার সরিষাবাড়ী - কাজিপুর মহাসড়কে ব্রাম্মনজানী বাজার এলাকায় ' যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৬টি ইউনিয়নের আশপাশের এলাকাবাসী নিয়ে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা ‘সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি আদায় করি’ ‘ছয় ইউনিয়নের এক চাওয়া, যমুনা হবে নতুন উপজেলা’ এসব স্লোগান দেন।
মানববন্ধনে কাজিপুর উপজেলার পূর্ব পাশের নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগরের জনগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, কাজিপুর উপজেলার ৬ ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ বহু বছরের বঞ্চনা ও অবহেলা থেকে মুক্তির দাবি জানিয়ে আসছে। আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে অবগতি করছি, অতিবিলম্বে বিষয়টি দেখার জন্য জোর দাবি জানাচ্ছি। দাবি আদায়ে প্রয়োজনে আমৃত্যু সংগ্রাম করে যাবেন বলে তারা জানান।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আব্দুল কাদের, সাবেক শিক্ষক আলতাফ হোসেন মাস্টার, প্রকৌশলী মাহবুবুর রহমান সুমন, আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আব্দুল বাকি বিএসসি প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।