প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ , ০১:২০ এএম
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মনসুর ইউনিয়নের সুজুনি ঘাটে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় লক্ষাধিক মানুষ। স্বাধীনতা পরবর্তী সময়েও এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে আলোচনায় থাকলেও, গুরুত্বপূর্ণ এই স্থানে এখনো একটি ব্রিজ নির্মাণ করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের কেবল প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়েছে এই প্রকল্পের কাজ, যার ফলস্বরূপ প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই দীর্ঘসূত্রতা স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
সালাল, নাটুয়াপাড়া, ভেটুয়া, শালদহ, মাজনাবাড়ি সহ, পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকার লক্ষাধিক মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান পথ এই সুজুনি ঘাট। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে প্রায় ১০০০ স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, যাদের নিয়মিত ঝুঁকি নিয়ে এই পথ পার হতে হয়। বর্ষাকালে ছাত্রছাত্রীরা প্রায়শই স্কুলে যেতে পারে না, যার ফলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আশেপাশের সব রাস্তাঘাট ও অবকাঠামো নির্মিত হলেও এই গুরুত্বপূর্ণ স্থানটিতে প্রশাসনের নজর পড়েনি।
বর্ষাকালে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকে না। কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও মালামাল বাজারে আনা-নেওয়ার ক্ষেত্রে বিশাল ক্ষতির সম্মুখীন হন। সময়মতো ফসল বাজারজাত করতে না পারায় তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। বয়স্ক এবং শিশুদের জন্য এই পরিস্থিতি আরও ভয়াবহ। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় যখন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে শহরের হাসপাতালে পৌঁছানোর কোনো উপায় থাকে না, যার ফলে অনেক সময় জীবনহানির আশঙ্কাও দেখা দেয়। স্থানীয়রা জানান, এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, "প্রতিবার ভোটের সময় নেতারা এসে শুধু ব্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ৩০ বছর ধরে শুধু আলোচনা আর প্রতিশ্রুতি শুনে আসছি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমরা জানতে চাই, কেন এত বছরেও একটি সেতু নির্মাণের বাজেট বরাদ্দ হলো না?"
এলাকার একাধিক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা বিভিন্ন সময়ে এই ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও কাজের ফলাফল এখনও শূন্য। স্থানীয়রা বলছেন, এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি বারবার প্রশাসনের নজরে আনার পরেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা মনে করেন, শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এই প্রকল্পটি আলোর মুখ দেখছে না।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে সুজুনি ঘাটে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত এই নির্মাণ কাজ শুরু করা এখন সময়ের দাবি।