গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ , ০৫:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

#

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন প্রতিবেদন জমা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন ও ভাতা কাঠামোর সুপারিশসংবলিত প্রতিবেদন আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় জমা দেওয়া হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবেন বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।




মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিবেদন জমা দেওয়ার আগে এর বিস্তারিত বিষয় প্রকাশ করা হবে না। জমাদানের সময় কমিশনের চেয়ারম্যানই প্রস্তাবিত কাঠামোর বিভিন্ন দিক উপস্থাপন করবেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। পূর্ণ বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে।


প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বর্তমানে সর্বনিম্ন ৮,২৫০ টাকা বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অপরদিকে, সর্বোচ্চ ধাপে বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকারও বেশি নির্ধারণের প্রস্তাব রয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ১:৮ অনুপাতে রাখার কথাও বলা হয়েছে।


এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই এ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।


বেতন কমিশনের হিসাব অনুযায়ী, পুরো কাঠামো কার্যকর করতে অতিরিক্ত প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। প্রস্তাবনায় নিম্নস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ রাখা হয়েছে।