প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ , ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের স্থিতিশীলতার স্বার্থে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর দল চলতি মাসেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে। তবে তিনি অভিযোগ করেছেন যে, একটি দল গণভোটকে ইস্যু করে এবং আরেকটি দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, "জামায়াত এখন গণভোটকে প্রধান ইস্যু করছে। এর সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। যদি নোট অব ডিসেন্ট থাকে, তাহলে গণভোট বা ঐক্যমতের কিছু থাকে না।"
তিনি আরও বলেন, এনসিপি নির্বাচন এবং সংস্কার—এই দুটি কার্যক্রমকে আলাদাভাবে দেখছে। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন যে, কোনো দল সংস্কারের পক্ষে না থাকলে তাদের সাথে জোটে যাওয়া এনসিপি'র পক্ষে সম্ভব নয়।
জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে তিনি জানান, সংস্কার ও দাবির ক্ষেত্রে কোনো দলের সাথে এনসিপি'র মতের মিল হলে কিংবা ঐক্য বা সমঝোতায় যেতে হলে, এনসিপি সেটিকে স্বাগত জানাবে।