গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

#

ওয়াংচুকের গ্রেপ্তারে উদ্বিগ্ন জম্মু-কাশ্মীরের নেতারা

লাদাখে বিক্ষোভের পর সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের দুই শীর্ষ নেতা। এই ঘটনাকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে নিন্দা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। গত বুধবার লাদাখের লেহ শহরে বিক্ষোভের সময় 'সহিংসতা উস্কে দেওয়ার' অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোনম ওয়াংচুককে সরাসরি দায়ী করে। এর দু'দিন পর শুক্রবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওয়াংচুক লাদাখকে রাজ্যের মর্যাদা, ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির মতো দাবিতে গত ১০ সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেছিলেন। ২৪ সেপ্টেম্বর লেহ শহরে বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে চারজন বিক্ষোভকারী নিহত হলে তিনি অনশন ভাঙেন। মেহবুবা মুফতি তার এক্স (টুইটার)-এর এক পোস্টে বলেন, "সোনম ওয়াংচুকের গ্রেপ্তার অত্যন্ত বিরক্তিকর। একজন মানুষ যিনি সারা জীবন শান্তি ও সত্যের পক্ষে ছিলেন, তাকে শুধু প্রতিশ্রুতি রক্ষার দাবি জানানোর জন্য শাস্তি দেওয়া হচ্ছে।" তিনি আরও বলেন, "আজ লেহে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ - এসব কাশ্মীরের দীর্ঘদিনের দুর্দশার প্রতিধ্বনি।"ওমর আবদুল্লাহ এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক। লেহ শহরে এখনো তৃতীয় দিনের মতো কারফিউ জারি রয়েছে। এর আগে বৃহস্পতিবার লাদাখের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয় এবং কারগিল শহরেও কারফিউ জারি করা হয়েছিল। এছাড়া, শুক্রবার থেকে পুরো লাদাখ অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।