গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ , ০৯:১৮ এএম

অনলাইন সংস্করণ

#

ভুখণ্ড প্রশ্নে আপস নয়, ভ্লাদিমির পুতিনের স্বপ্নে জল ঢেলে দিলেন জেলেনস্কি

পতাকা দিবসে বেল বাজিয়ে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে প্রাণ হারানো হাজার হাজার ইউক্রেনীয় সেনার স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা। শনিবার রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে পতাকা দিবসের আয়োজন শুরু করেন। তিনি ঘোষণা দেন— “ইউক্রেনের জয় হবেই।”


রাশিয়ার সঙ্গে তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের মনে ক্রমেই গভীর ক্ষত তৈরি করছে। সেই ক্ষতবিক্ষত আবহেই অর্কেস্ট্রার সুরের সঙ্গে উত্তোলন করা হয় ইউক্রেনের জাতীয় পতাকা। এ সময় জেলেনস্কি দৃপ্ত কণ্ঠে জানান, রাশিয়ার হাতে ইউক্রেনের এক ইঞ্চি মাটিও ছাড়া হবে না।


তিনি বলেন, “দখলকৃত অঞ্চলগুলোতে জাতীয় পতাকার উপস্থিতি প্রতীকী শক্তি হয়ে দাঁড়ায়। সেখানে প্রত্যেক ইউক্রেনীয়ের হাতে পতাকা থাকার মানেই আমরা কখনোই ভূখণ্ড দখলদারদের হাতে তুলে দেব না। এই পতাকা শহীদ সেনা ও অসংখ্য সাধারণ মানুষের গর্ব, শক্তি ও আত্মত্যাগের প্রতীক।”


জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও। তারা পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন ও সম্মান প্রদর্শন করেন।


পতাকা দিবসের ভাষণে জেলেনস্কি সকল ইউক্রেনীয়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক, এই পতাকার নিচেই ইউক্রেনের ভবিষ্যৎ রচিত হবে।”