গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:৪৫ এএম

অনলাইন সংস্করণ

#

ভাইয়ের রক্তের প্রতি সমবেদনা, চবিতে শিক্ষার্থীদের প্রতীকী অনশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে পাঁচ দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছয় শিক্ষার্থী। সোমবার রাত সাড়ে আটটা থেকে শুরু হওয়া এই অনশন মঙ্গলবার ভোর পর্যন্ত চলবে বলে জানান অংশগ্রহণকারীরা।


অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবিগুলো হলো—

১. জাতি-বর্ণ নির্বিশেষে সব শিক্ষার্থীর স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা।

২. শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িত স্থানীয় সন্ত্রাসী ও তাঁদের মদদদাতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা।

৩. সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের করা মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

৪. দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ আবাসন বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করা।

৫. সংঘর্ষের দায় স্বীকার করে প্রশাসনিক ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ ও ক্ষতিপূরণ প্রদান।


দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিশাদ আমিন বলেন, “আমরা এখানে ছয়জন প্রতীকী অনশন করছি। আমাদের সহপাঠীরা যারা আইসিইউতে আছে, তাঁদের কষ্ট উপলব্ধি করতেই এই অনশন। একই সঙ্গে আমরা প্রশাসনের দায় স্বীকার করে পদত্যাগ চাই।”


অন্য এক শিক্ষার্থী রাহুল হাসান বলেন, “এ অনশন মূলত আহত ভাইদের রক্তের প্রতি সমবেদনা। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর নিরাপত্তা ও আবাসন নিশ্চিত হোক। প্রতিবাদের অংশ হিসেবে উপাচার্যের বাসভবনে তাঁর নামের আগে ‘তুচ্ছ’ শব্দটি লিখেছি, যাতে তিনি নিজের বক্তব্যে অনুশোচনা প্রকাশ করেন।”