উসমান দেম্বেলের হাতে উঠলো ব্যালন ডি'অর
ব্যালন ডি’অরের ইতিহাসে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ রাজত্বের অবসান ঘটেছে। গত বছর ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি এই আধিপত্যের অবসান ঘটানোর পর এবার নতুন এক তারকার হাতে উঠল ট্রফি। প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের এই সম্মানজনক পুরস্কার জিতে নিলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো দেম্বেলের হাতে এই পুরস্কার তুলে দেন। এই পুরস্কারের দৌড়ে দেম্বেলে পেছনে ফেলেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে।
গত মৌসুমে ২৮ বছর বয়সী দেম্বেলে ছিলেন পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম প্রধান কারিগর। ক্লাবটির হয়ে ৫৬ ম্যাচে ৩৫ গোল করার পাশাপাশি দলকে ট্রেবল জিততেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও পিএসজিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলতে এবং ফরাসি সুপার কাপের শিরোপা জয়ের একমাত্র গোলটিও আসে এই ফরাসি তারকার পা থেকে।
নারী ফুটবলে নতুন ইতিহাস গড়লেন বোনমাতি
নারী বিভাগেও নতুন ইতিহাস তৈরি হয়েছে। স্পেনের ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি জিতেছেন বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার। প্রথম নারী ফুটবলার হিসেবে তিনি টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন। বোনমাতির হাতে এই পুরস্কার তুলে দেন ২০১০ বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। ছেলেদের ফুটবলে শুধু মিচেল প্লাতিনি ও লিওনেল মেসি এই অসাধারণ কীর্তি গড়তে পেরেছেন।
গত মৌসুমে বোনমাতি লিগা এফ, কোপা দে লা রেইনা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি ২০ গোল এবং ১৬টি অ্যাসিস্ট করেছিলেন। আর্সেনালের মারিয়ানো কালদেন্তেকে পেছনে ফেলে তিনি এই সম্মান অর্জন করেন।
১৯৫৬ সাল থেকে 'ফ্রান্স ফুটবল' ম্যাগাজিন এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দিয়ে আসছে, যা ফুটবলের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার হিসেবে বিবেচিত।