প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফে র্যাবের হাতে আটক এক ডাকাতকে ছিনিয়ে নেওয়ার জন্য তার সহযোগীরা র্যাবের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় র্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছেন। র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নামে এক ডাকাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকের মতো ১২টি মামলা রয়েছে। আটকের সময় জাহাঙ্গীর আলম চিৎকার করলে তার সহযোগীরা দলবদ্ধ হয়ে র্যাবের ওপর ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা রাস্তা অবরোধ করে জাহাঙ্গীরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় র্যাবের কৌশলী তৎপরতায় ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করা হয়। হামলার ঘটনায় মো. ছালাম এবং মো. আনোয়ার হোসাইন নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি লাঠি ও সাতটি ইটের টুকরো জব্দ করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।