প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ
টানা আট দফা দাম বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা কমানো হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন মূল্য তালিকা
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন হবে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। এর আগে, গত মাসে দু’দফা এবং চলতি মাসে ছয় দফা দাম বেড়ে এই মানের স্বর্ণের দাম হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
২১ ক্যারেট: প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
রূপার দাম ও অন্যান্য নিয়ম
স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৭৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ২ হাজার ১৩৫ টাকায় বিক্রি হবে।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত মোট ৫৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং কমেছে মাত্র ১৬ বার।