গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫ , ০২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

#

স্বচ্ছ আয়নার মতো পরিস্কার নির্বাচন আয়োজনের প্রত্যয় ইসির

“স্বচ্ছ আয়নার মতো পরিস্কার নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বকে দেখাতে চাই, বাংলাদেশে নির্বাচনে কোনো গোপনীয়তা বা লুকোছাপা নেই।” সোমবার (৬ অক্টোবর) সকালে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।


তিনি বলেন, “নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও উপযুক্ত পরিবেশ তৈরি সম্ভব নয়। তাই সাংবাদিক সমাজের সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন।”


এআই প্রযুক্তির অপব্যবহার রোধে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সিইসি।প্রবাসী ও সরকারি চাকরিজীবীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। “দেশের প্রায় ১০ লাখ সরকারি কর্মচারীকে এবার ভোটের আওতায় আনা হবে। আমরা চাই, সবাইকে সঙ্গে নিয়ে একটি সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করতে,” বলেন সিইসি নাসির উদ্দিন।


আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে তিনি আরও বলেন, “সংলাপে যে মতামত আসবে, নির্বাচন কমিশন তা গুরুত্ব সহকারে বিবেচনা করে বাস্তবায়ন করবে।” ইসির চলমান সংলাপ সিরিজের অংশ হিসেবে এর আগে, ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়। তবে সেদিন আমন্ত্রিতদের প্রায় অর্ধেক উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।