গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ , ০১:৫১ এএম

অনলাইন সংস্করণ

#

সুষ্ঠু নির্বাচনের আশ্বাস সরকারের: জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা

 নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ঘোষণা করেন, ভোটের আগে প্রশাসনের সকল রদবদল সরাসরি তাঁর তদারকিতে হবে। প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, ভোটকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে পৃথক সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে দুই দলের সঙ্গেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়েও আলোচনা করেন তিনি।

জামায়াতকে প্রধান উপদেষ্টার আশ্বাস

জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, "আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে এরইমধ্যে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। সামনে আরও অনেক উদ্যোগ দেখা যাবে।"

জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হওয়া প্রয়োজন। তাঁর মতে, জুলাই সনদে অনেক বিষয় জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া, নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হলে ভোট গ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকে। তিনি আরও জানান, নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতে প্রধান উপদেষ্টার প্রতি জামায়াতের আস্থা রয়েছে।

এনসিপি'র সঙ্গে আলোচনা

জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানিয়ে এনসিপিকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, "এই সনদ জাতির জন্য মহামূল্যবান সম্পদ। এখানে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।" এ সময় তিনি সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশন কাজ করছে বলেও দলটিকে আশ্বস্ত করেন।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে বলেন, নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। এ বিষয়ে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তিনি জানান, এ বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার জন্য এনসিপির পক্ষ থেকে এরইমধ্যে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।

প্রতিনিধিদল ও সরকারি উপদেষ্টারা

বৈঠকে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ. টি. এম. মা‘ছুম এবং রফিকুল ইসলাম খান।


এদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদলটিতে ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

উভয় বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।