গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:১৭ পিএম

অনলাইন সংস্করণ

#

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে

'ষড়যন্ত্রের' অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, শহীদ খান ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছিলেন। এর আগে, একই অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শহীদ খান ওই ষড়যন্ত্রমূলক সভায় উপস্থিত ছিলেন। আইনজীবী আরও জানান, শহীদ খান দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের বিভিন্ন সুবিধা ভোগ করেছেন।


উল্লেখ্য, গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটি একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল। সেই বৈঠকে একদল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়ে এবং অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজনকে লাঞ্ছিত করে।


আবু আলম মোহাম্মদ শহীদ খান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।