প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ , ১২:৫০ এএম
অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাত থেকে এল এক দারুণ খবর। দীর্ঘ প্রতীক্ষার পর ভাগ্য ফিরল এক বাংলাদেশি কর্মীর। ৩১ বছর বয়সী মোহাম্মদ হায়দার আলী দেশটির জনপ্রিয় 'বিগ টিকেট'-এর সাপ্তাহিক ড্র-তে জিতে নিলেন প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম ওজনের একটি সোনার বার।
আল আইনে একটি ইলেকট্রিক দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন হায়দার। গত পাঁচ বছর ধরে তিনি প্রবাসে আছেন। দীর্ঘ দুই বছর ধরে তিনি এবং তাঁর চার-পাঁচ বন্ধু মিলে প্রতি মাসে নিয়মিত বিগ টিকিটের লটারিতে নিজেদের ভাগ্য পরীক্ষা করছিলেন। অবশেষে সেই ধৈর্যের ফল পেলেন তিনি।
বিশাল এই পুরস্কার জেতার খবর পাওয়ার পর হায়দার আলী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "আমি খুব খুশি। এটা একটা বিরাট সাফল্য।"
যদিও পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন, সে বিষয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে এটি নিশ্চিত যে এই বিপুল অঙ্কের জয় তাঁর জীবনের গতিপথ সম্পূর্ণভাবে বদলে দেবে।