প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫ , ১২:১৭ এএম
অনলাইন সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে, সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটাপন্ন করা হচ্ছে এবং অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণ করতে হয় কি না, সে বিষয়েও শঙ্কা দেখা দিয়েছে। নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট এসব সংশয় একটি সংকটময় পরিস্থিতি তৈরি করতে পারে বলেও তিনি মনে করেন।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির বিজয় ঠেকাতে অতীতে দেশে স্বৈরাচার কায়েম করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে বিগত ১৫ বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্র বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।
তিনি আরও বলেন, অনেকের মনে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে নির্বাচন হবে কি না, যা কাম্য ছিল না। নির্বাচন নিয়ে সংশয় গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটে ফেলতে পারে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে এসেছে। অথচ প্রতিনিয়ত একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথকে কঠিন করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকা আবশ্যক বলেও তিনি উল্লেখ করেন।