গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:১৪ পিএম

অনলাইন সংস্করণ

#

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, কেন্দ্রস্থল থেকে ৬০০ কিলোমিটার দূরে থাকা রাজধানী কারাকাসেও এর কম্পন অনুভূত হয়েছে। তবে, আশার কথা হলো, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার রাতে হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মেনে গ্রান্ডে শহর থেকে ২৭ কিলোমিটার দূরে এবং মাটির প্রায় ১৪ কিলোমিটার গভীরে। মেনে গ্রান্ডে একটি তেলসমৃদ্ধ এলাকা হলেও এখানে জনবসতি তুলনামূলকভাবে কম। রাজধানী কারাকাসে কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কে অনেক মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। এর আগে, একই এলাকায় ৬.২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল, যার কম্পন পার্শ্ববর্তী কলম্বিয়া এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জেও অনুভূত হয়েছিল। ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে বড় কোনো সুনামির আশঙ্কা নেই, তাই কোনো সতর্কতাও জারি করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, ভূমিকম্পে ‘গুরুতর কাঠামোগত ক্ষতি’ হয়নি। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প খুব বেশি হয় না। তবে যখন হয়, তখন তা বেশ বিপজ্জনক হতে পারে। ১৯৯৭ সালে সুক্রে প্রদেশে একটি ভূমিকম্পে ৭৩ জন মারা গিয়েছিলেন। তারও আগে ১৯৭৬ সালে কারাকাসের ভূমিকম্পে প্রায় ৩০০ জন মানুষ নিহত হয়েছিলেন। দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাস করেন, তাই যেকোনো বড় কম্পনই তাদের জন্য উদ্বেগের কারণ।