প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
যারা সহকারী জজ হতে চান, তাদের জন্য সুখবর! অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৮তম বিজেএস) বা সহকারী জজ পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর (শনিবার) ঢাকার বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই তারিখ প্রকাশ করেছে। খুব শিগগিরই পরীক্ষার কেন্দ্র এবং বিস্তারিত সময়সূচি কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট (www.bjsc.gov.bd) এবং বিভিন্ন দৈনিকে জানিয়ে দেওয়া হবে।
এই পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রিলিমিনারি পরীক্ষাটি হবে ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস নম্বর হলো ৫০। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল আপনি লিখিত পরীক্ষার জন্য যোগ্য হবেন। তবে মনে রাখতে হবে, প্রিলিমিনারি পরীক্ষার নম্বর লিখিত বা মৌখিক পরীক্ষার নম্বরের সাথে যোগ হবে না।
প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত, বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন থেকে প্রশ্ন করা হবে।