গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ , ১২:২৭ এএম

অনলাইন সংস্করণ

#

শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করলেন

জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।


স্নিগ্ধর প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে মীর স্নিগ্ধ বিএনপিতে যোগদান করলেন।


গুঞ্জন রয়েছে যে, মীর স্নিগ্ধ ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন। এই আসনটি উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরা ৬টি থানা) নিয়ে গঠিত।


উল্লেখ্য, গতকাল সোমবার বিএনপি ৩০০টি আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ৬৩টি আসন ফাঁকা রাখে। ঢাকা-১৮ আসনটি সেই ফাঁকা আসনগুলোর মধ্যে অন্যতম।