প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর একটি চলমান প্রকল্পের প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ক্যাবল চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ জন কর্মকর্তা-কর্মচারী।
রোববার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাড়া নেওয়া একটি ডিপো থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ২ ড্রাম ক্যাবল, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরহাদ (৩০), রফিকুল ইসলাম (৪৪), শাকিল (২০), রঞ্জু (২৫), মোবারক (৩৪), তৈয়ব আলী (৩২), সিয়াম হাসান (১৯), আব্দুস সাত্তার (৩০) ও মোফাজ্জল হোসেন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এমআরএম ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিবির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল। চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা বছরের শুরুতেই শেষ হয়ে যায়। নিয়ম অনুযায়ী, উদ্বৃত্ত নতুন ও পুরাতন ক্যাবল পিডিবির কাছে হস্তান্তরের কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওইসব ক্যাবল আত্মসাৎ করার উদ্দেশ্যে গোপনে তাদের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে রোববার ভোররাতে দুটি গাড়িতে করে তা সরানোর চেষ্টা করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনৈক হুমায়ুন কবীর হিমেলের ভাড়া দেওয়া ডিপো থেকে লাইট বন্ধ করে ২৪ ড্রাম নতুন ক্যাবল ট্রাকে তোলার চেষ্টা চলছিল। দুটি ড্রাম ট্রাকে ওঠানোর পর স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে লোড করা দুই ড্রাম ক্যাবল, একটি ট্রাক এবং একটি পিকআপসহ ৯ জনকে আটক করে।
দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থানায় এলেও মামলা করতে রাজি হননি। পরে পুলিশের চাপে প্রতিষ্ঠানের পক্ষে আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। মামলা গ্রহণ করার পর গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের আরেক প্রতিনিধি শাওন জানান, দুর্বৃত্তরা তাদের অজান্তে ক্যাবল চুরির চেষ্টা করছিল। তবে জড়িতরা তাদের প্রতিষ্ঠানের কর্মী কিনা, এমন প্রশ্নে তিনি সদুত্তর দিতে পারেননি। অন্যদিকে, গ্রেপ্তারকৃত শ্রমিকরা জানান, তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের নির্দেশেই ক্যাবলগুলো ভালুকায় নিয়ে যাচ্ছিলেন।
নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানান, এসব ক্যাবল পিডিবির সম্পদ। তিনি বলেন, "চুরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উদ্বৃত্ত ক্যাবল যথাযথ নিয়ম মেনে প্রকল্প অফিসে জমা দেওয়ার নিয়ম রয়েছে।"
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, ক্যাবলগুলো চুরির উদ্দেশ্যেই গোপনে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে আলামতসহ জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।