প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ , ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের পশ্চিম ত্রিপুরার আনন্দনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাবেক ক্রিকেটার রাজেশ বণিক। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
টিসিএ'র বিবৃতিতে বলা হয়েছে, ৪০ বছর বয়সী রাজেশের সঙ্গে তাঁর বাবা, মা এবং ভাই একই গাড়িতে ছিলেন। সড়ক দুর্ঘটনায় তাঁরা বেঁচে ফিরলেও সেই সৌভাগ্য হয়নি রাজেশের।
রাজেশ বণিক একসময় ভারতের অনূর্ধ্ব-১৫ দলে খেলেছিলেন, যেখানে তাঁর সতীর্থ ছিলেন ইরফান পাঠান এবং আম্বাতি রাইডু। ২০০০ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট এবং একই বছর ইংল্যান্ড সফরের ভারতীয় দলেও তাঁরা একসঙ্গে ছিলেন।
যদিও রঞ্জি ট্রফিতে খেলা এই ক্রিকেটারের জাতীয় দলে খেলা হয়নি। ডানহাতি ব্যাটার রাজেশ মাঝেমধ্যে লেগস্পিনও করতেন। প্রথম শ্রেণির ৪২টি ম্যাচে ত্রিপুরার এই ক্রিকেটার ১,৪৬৯ রান করেছেন।
রাজেশের মৃত্যুতে শোক জানিয়ে ত্রিপুরার ক্রিকেটাররা বর্তমানে আগরতলায় বাংলার বিপক্ষে চলমান রঞ্জি ট্রফির ম্যাচে হাতে কালো ফিতা পরে খেলছেন। তাঁকে শেষ বিদায় জানাতে শনিবার আগরতলায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দপ্তরেও বিশেষ আয়োজন করা হয়।
সংস্থাটির সচিব সুব্রত দে বলেন, "সাবেক একজন প্রতিভাবান ক্রিকেটার ও অনূর্ধ্ব-১৬ ক্রিকেটের নির্বাচককে এভাবে হারানো দুর্ভাগ্যজনক। আমরা মানসিকভাবে আঘাত পেয়েছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।"