প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই এবং তাঁর দায়িত্বে থাকাকালীন সারের দাম বাড়বে না। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। কৃষি উপদেষ্টা বলেন, সারের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এখন সারের একটি নতুন নীতিমালা তৈরি করতে জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি সারের ডিলারশিপের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হচ্ছে। তিনি আরও জানান, গ্যাসের সংকটের কারণে সারের উৎপাদন বা সরবরাহে কোনো সমস্যা হবে না। সারের জন্য সরকারের যে ২০ হাজার ৬৯১ কোটি টাকার বকেয়া ছিল, তা এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। কৃষিপণ্য নিয়ে নতুন উদ্যোগ উপদেষ্টা বলেন, এ বছর আলুর ভালো ফলন হলেও কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষকের স্বার্থে আলুর দাম কিছুটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, এবার প্রথমবারের মতো বাংলাদেশে উৎপাদিত আম চীনে রপ্তানি করা হয়েছে। আগামী বছর থেকে কাঁঠালও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।