গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৩৭ এএম

অনলাইন সংস্করণ

#

সাসটেইনেবল ফাইন্যান্সে এশিয়ার সেরা ব্র্যাক ব্যাংক

টেকসই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) অর্থায়নে বিশেষ অবদানের জন্য এশিয়ার সেরা ব্যাংক হিসেবে সম্মাননা পেয়েছে ব্র্যাক ব্যাংক। মূলত পানি, পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্যবিধি (ওয়াশ) সংক্রান্ত অর্থায়ন কর্মসূচির জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ব্যাংকটি।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ‘গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এর জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।
এই অর্জনের পেছনে রয়েছে ব্র্যাক ব্যাংকের উদ্ভাবনী ওয়াশ ফাইন্যান্সিং প্রোগ্রাম। মাত্র এক বছরে ‘ওয়াটার ডট ওআরজি’র সঙ্গে অংশীদারিত্বে ব্যাংকটি বাংলাদেশের সাড়ে ৩ লাখের বেশি মানুষের জন্য স্যানিটেশন এবং ৮ লাখের বেশি মানুষের জন্য নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করেছে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই সম্মাননা আমাদের টেকসই ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে। আমরা এমন সব উদ্যোগে বিনিয়োগ অব্যাহত রাখব, যা সমাজের প্রবৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা রাখবে।”

ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অধীন এসএমই ফাইন্যান্স ফোরাম এই পুরস্কারের আয়োজক। বিশ্বের শতাধিক আবেদনকারীর মধ্যে থেকে ৫০টি প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছিল, যেখানে এশিয়া অঞ্চলের বিজয়ী হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের অবস্থান সুপ্রতিষ্ঠিত করেছে।