গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ , ১১:৪০ পিএম

অনলাইন সংস্করণ

#

সারা দেশের জন্য বড় দুঃসংবাদ!

শীতকাল ঘনিয়ে আসছে, এবং আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। এরপর মাসের শেষ নাগাদ সারাদেশে শীত জেঁকে বসতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এর মধ্যেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নভেম্বর মাসের জন্য এক উদ্বেগজনক দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে।


রোববার (২ নভেম্বর) দেওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসেই বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।


বৃষ্টিপাত ও তাপমাত্রা

আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিতে পারে। এছাড়া নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রাও ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।


পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, এই মাসে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


শীতের আগমন নিয়ে বিশেষজ্ঞদের মত

আসন্ন শীত নিয়ে আবহাওয়া বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে:


সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে।


মাস শেষে সারাদেশে শীত অনুভূত হতে পারে।


তবে, ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই।


আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সম্প্রতি জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে (বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলায়) শীত শুরু হবে। পরে ক্রমান্বয়ে সারাদেশে পুরোদমে শীত শুরু হবে। তবে, ঢাকায় ভালোভাবে শীত শুরু হবে ডিসেম্বরের প্রথমার্ধে।


আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।