শাপলা নয়, তালিকা থেকেই প্রতীক পছন্দ করতে হবে এনসিপিকে: ইসি
শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আগ্রহ থাকলেও তা পাচ্ছে না দলটি। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তাদের অনুমোদিত প্রতীকের তালিকায় শাপলা নেই। তাই এনসিপিকে বিকল্প কোনো প্রতীক বেছে নিতে হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ এ তথ্য জানান।
মো. আখতার আহমেদ বলেন, "আমাদের কাছে বর্তমানে ১১৫টি প্রতীকের একটি তালিকা রয়েছে, যেখানে শাপলা প্রতীকটি নেই। নিয়ম অনুযায়ী, যেকোনো রাজনৈতিক দলকে এই নির্ধারিত তালিকা থেকেই প্রতীক পছন্দ করতে হবে।"
গত ১০ জুলাই নির্বাচন কমিশন জানায়, নতুন যুক্ত হওয়া ৪৬টি প্রতীকসহ মোট প্রতীকের সংখ্যা এখন ১১৫টি। এই প্রতীকগুলোর মধ্যে আছে আপেল, আনারস, ফুটবল, বাঘ, লাঙ্গল, নৌকা, ধানের শীষ, হাতপাখা, লাউসহ আরও অনেক কিছু।
ইসি কর্মকর্তারা আরও জানান, বর্তমানে নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি। এই ১১৫টি প্রতীকের মধ্যে ৫১টি থাকবে নিবন্ধিত দলগুলোর জন্য এবং বাকিগুলো ভবিষ্যতে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।