প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত তা শান্তিপূর্ণভাবে চলছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোটদানে অংশ নিচ্ছেন।
বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দিচ্ছেন। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু কেন্দ্রে কয়েকজন প্রার্থীকে লিফলেট দিয়ে প্রচারণা চালাতে দেখা গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাদের থামিয়ে দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত সংখ্যক নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে ভোট দিতে পেরে আনন্দিত। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শুরু হবে। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে।