প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর ও অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা ৮ ঘণ্টা আটটি ভোটকেন্দ্রেই ভোটগ্রহণ চলে এবং বিকেল ৪টায় তা শেষ হয়।
এবারের নির্বাচনে কোনো ধরনের বড় সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ডাকসু ভোটাররা উল্লেখযোগ্য হারে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে। বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ জানান, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে, মোট কতটি ভোট পড়েছে, তা এখনো জানা যায়নি।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও, প্রতিটি হল সংসদে ১৩টি করে পদ রয়েছে, যেখানে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।