প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ , ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে।
দর্শকপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে। এরপরই চলছে পুলিশি তদন্ত। আর এ তদন্তে নায়কের ভাড়া নেওয়া ইস্কাটনের সেই ফ্ল্যাটটি পরিদর্শন করেছে রমনা থানা পুলিশ।
তথ্য সংগ্রহের উদ্দেশ্যে রোববার (২৬ অক্টোবর) পুলিশ ফোর্স নিয়ে নায়কের বসবাসকৃত ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাট পরিদর্শন করেন রমনা থানার ওসি গোলাম ফারুক। প্রয়োজনীয় বেশ কয়েকটি স্থানের ছবি তোলেন।
মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীকে নিয়ে সালমান শাহ এ ফ্ল্যাটটিতেই ভাড়া থাকতেন। এ ফ্ল্যাটেই জড়িয়ে রয়েছে নায়কের অসংখ্য স্মৃতি। তবে নায়কের মৃত্যুর পর সিলগালা করে দেওয়া হয়েছিল ফ্ল্যাটটি। বর্তমানে ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন। তদন্তের খাতিরে পরিদর্শন শেষে ফ্ল্যাটের মালিকের সঙ্গেও কথা বলেন ওসি গোলাম ফারুক।
প্রসঙ্গত, হত্যা মামলার ১১ জন আসামির বিরুদ্ধে ৭ ডিসেম্বরের মধ্যে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ প্রতিবেদনে নায়কের অকালমৃত্যুর রহস্যের জট খুলবে—এমনটাই প্রত্যাশা সালমান ভক্তদের।