গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:২৫ পিএম

অনলাইন সংস্করণ

#

সাইবার অপরাধ বেড়েছে প্রায় ১২ শতাংশ, ঝুঁকিতে নারী ও তরুণরা

গত এক বছরে বাংলাদেশে সাইবার অপরাধ প্রায় ১২ শতাংশ বেড়েছে। একটি নতুন জরিপে দেখা গেছে, গত পাঁচ বছরে দেশে সাইবার অপরাধের শিকার হয়েছেন এমন প্রায় দুই কোটি মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে অভিযোগ করেছেন।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় 'সাইবার ক্রাইম এয়্যারনেন্স' নামের একটি সংগঠন এই জরিপের তথ্য প্রকাশ করেছে।

জরিপে দেখা যায়, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধের শিকার হওয়াদের ৮০ শতাংশই ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী। আরও উদ্বেগের বিষয় হলো, ভুক্তভোগীদের মধ্যে ৬০ শতাংশই নারী। কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্য বাস্তবায়নেও সাইবার অপরাধ সংঘটিত হয়েছে। তবে ভুক্তভোগীদের মাত্র ১২ শতাংশ অভিযোগ জানাতে সাহস দেখিয়েছেন।

বক্তারা মনে করেন, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং ডিপফেকিং প্রযুক্তির অপব্যবহার অপরাধ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। তারা গুরুত্বারোপ করেন যে, সাইবার নিরাপত্তা এখন আর শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তারই অংশ। এই সচেতনতা বাড়াতে সংগঠনটি মাসব্যাপী একটি বিশেষ কর্মসূচিও ঘোষণা করেছে।