প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ , ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ
‘ধানের শীষের’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল লক্ষ্মীপুরের রায়পুর শহর। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার ৯ নভেম্বর বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে পৌর শহরে।
বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরজুড়ে উত্তাল পরিবেশ সৃষ্টি করে। রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা হাতে ধানের শীষের প্রতীক নিয়ে স্লোগান দিতে দিতে মিছিলে যোগ দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপি ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, “দেশে পরিবর্তনের সময় এসেছে। রায়পুরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবে— ইনশাআল্লাহ। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে মাঠে আছি, থাকব শেষ মুহূর্ত পর্যন্ত।” তিনি আরও বলেন, “এই মাটির মানুষই আমাদের শক্তি। কোনো ভয়-ভীতি বা দমননীতি আমাদের রুখতে পারবে না। রায়পুর থেকে আমরা পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে চাই সারাদেশে।”
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান বলেন, “রায়পুরে আজ যে ঢল দেখা গেল, সেটাই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। জনগণ ভোটের দিন ধানের শীষে রায় দেবে গণতন্ত্রের পক্ষে।”
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, মাইন উদ্দিন রিয়াজ, আনোয়ার হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপি সভাপতি নাজমুল আলম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন ও যুবদল নেতা আকবর হোসেন আরমান-সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মহিলা ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রায়পুরে বিএনপির এই গণজোয়ার আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।