গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ , ০৭:১২ এএম

অনলাইন সংস্করণ

#

রাজপথের আন্দোলন ছেড়ে নির্বাচনী প্রচারে বিএনপি: ৩১ দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে

রাজপথের আন্দোলন থেকে সরে এসে পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারণায় মনোযোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাষ্ট্র সংস্কারে দলের প্রস্তাবিত ৩১ দফার রূপরেখা নিয়ে সম্ভাব্য প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। জনদুর্ভোগ এড়াতে গতানুগতিক মিছিল-মিটিং বাদ দিয়ে দলটি ছোট ছোট মতবিনিময় ও সামাজিক কর্মসূচিতে মনোযোগ দিয়েছে।


অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিগত ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দলটিকে অসংখ্য নিপীড়ন ও জেল-জুলুম সহ্য করতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রস্তাবনা তুলে ধরছেন জনগণের মাঝে। জনদুর্ভোগ এড়াতে ছোট ছোট মতবিনিময় সভা, উঠোন বৈঠকসহ সামাজিক কর্মসূচিগুলোকে প্রাধান্য দিয়ে প্রচারণা করছেন সম্ভাব্য প্রার্থীরা।


বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, মূল দলের সঙ্গে সহযোগী সংগঠনের সমন্বয়ে পুরোপুরি নির্বাচনী মাঠে নেমে পড়েছেন তাঁরা। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জনসংযোগের পরিধি আরও বাড়বে।



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেন, "সারাদেশে বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ সবাই মিলে প্রতিদিন গ্রামে গ্রামে যাচ্ছে, নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আমরা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছি।"


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্বাচনের সময় যত কাছাকাছি আসবে, প্রচার প্রচারণার আকার তত বাড়বে।


আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি নেতারা।