গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:৫৫ এএম

অনলাইন সংস্করণ

#

রাজধানীর আদাবরে পুলিশ সদস্যসহ তিন জনকে কুপিয়ে জখম; শতাধিক আটক

রাজধানীর আদাবর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক মানুষকে আটক করা হয়েছে।


পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, সোমবার রাত ১১টার দিকে ৯৯৯-এ খবর পাওয়ার পর পুলিশ একটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেই সময় পুলিশ কনস্টেবল আল-আমিন গাড়ির কাছে ছিলেন। হামলাকারীরা তাকে কুপিয়ে আহত করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালানোর সময় কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি দেশীয় ধারাল অস্ত্র ব্যবহার করে পুলিশের ওপর হামলা চালায়। এই ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হন। স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুর-আদাবরের ‘কবজি কাটা’ কিশোর গ্যাংএর সক্রিয় সদস্য জনি ও রনি আদাবর-১০ এলাকায় বালুর মাঠ থেকে পুরো এলাকার ওপর প্রভাব বিস্তার করে। এর আগে এই গ্যাং বহুবার নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে।


উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, “আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চালাচ্ছি।”