গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ , ০১:২৫ এএম

অনলাইন সংস্করণ

#

রাবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কর্মবিরতি: উত্তাল ক্যাম্পাস, অবরুদ্ধ শিক্ষকরা

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন সহ-উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলিম এ ঘোষণা দেন।


তিনি জানান, দোষীদের শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রবিবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন বলে উল্লেখ করা হয়েছে। দাবি মানা না হলে সোমবার থেকে এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে। শনিবার বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে পোষ্য কোটা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীনকে ঘিরে বিক্ষোভকারীরা নানা কটূক্তি করে। এমনকি তার গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে চাবি কেড়ে নেওয়া হয় এবং গাড়ির ওপর টাকা ছুঁড়ে দেওয়া হয়। এরপর তিনি জুবেরী ভবনে আশ্রয় নিতে গেলে সেখানেও তাকে হেনস্তা করা হয়। একপর্যায়ে তার গলা চেপে ধরে সিঁড়িতে ফেলে দেওয়া হয়।


এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার পকেট থেকে টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয়। জুবেরী ভবনে অবরুদ্ধ থাকা অবস্থায় শিক্ষকদের জন্য বিদ্যুৎ ও খাবার পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ভবনে বসবাসকারী পরিবারগুলো চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।


অধ্যাপক আলিম বলেন, এই ঘটনা আসন্ন রাকসু নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি এখনো থমথমে রয়েছে।