গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ , ১২:৪৭ এএম

অনলাইন সংস্করণ

#

পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও দাবি আদায়ে অনড় ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা

জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। বুধবার (২৯ অক্টোবর) পুলিশের সঙ্গে সংঘর্ষের পর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন তারা। পাশাপাশি আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষকরা।


এর আগে, দাবি পূরণের আশ্বাস না পেয়ে বুধবার দুপুরে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করে শিক্ষকরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। এই ঘটনার কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় প্রেসক্লাবের ফুটপাথের ওপর অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষকরা।


এদিকে, সংঘর্ষের ঘটনায় আহত ৪৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসার শেষে তারা ফের প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। পুলিশ জানায়, শান্তিপূর্ণ আন্দোলন করলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে।


প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে গত ১৭ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা।