গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

#

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে এনসিপির শুভেচ্ছা

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১ সেপ্টেম্বর) এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান। এ সময় এনসিপির পক্ষ থেকে সারজিস আলম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দেন এবং পরে মতবিনিময় করা হয়।


উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং এনসিপি নেতা সামান্তা শারমিন, আরিফুল ইসলাম ও মাইনুল ইসলাম। মতবিনিময়ের পর প্রেস ব্রিফিংয়ে সারজিস আলম বলেন, “শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, রাজনৈতিক সংস্কৃতিকেও নষ্ট করে দিয়েছেন। মত-দ্বিমত থাকতে পারে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।”


সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশে যত সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই এসেছে। শহীদদের প্রত্যাশার মধ্যে একটি হলো ভালো রাজনৈতিক সংস্কৃতি ঠিক রাখা। মাঠে আমরা যে মত ধারণ করি না কেন, এরপরও ভালো রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির বিলোপ ঘটাতে হবে এবং গণতান্ত্রিক সংস্কৃতির জয় নিশ্চিত করতে হবে।”