প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ
এনভিডিয়ার সঙ্গে চুক্তি ইন্টেলের নতুন প্রজন্মের চিপ উৎপাদন প্রযুক্তিকে শক্তিশালী অবস্থানে নিতে সাহায্য করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ জায়ান্ট এনভিডিয়া এখনো সরাসরি ইন্টেলের নিজস্ব উৎপাদন কারখানা ব্যবহারের প্রতিশ্রুতি দেয়নি। গতকাল (১৮ সেপ্টেম্বর) এনভিডিয়া প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করে ইন্টেলের ৪ শতাংশ শেয়ারের মালিকানা অর্জন করেছে। একইসঙ্গে দুটি প্রতিষ্ঠান একে অপরকে চিপ সরবরাহের এবং ভবিষ্যতে একাধিক প্রজন্মের যৌথ পণ্য তৈরির জন্য অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এই যৌথ পণ্যগুলো ইন্টেলের সেন্ট্রাল প্রসেসর এবং এনভিডিয়ার এআই ও গ্রাফিক্স চিপকে যুক্ত করবে এনভিডিয়ার নিজস্ব দ্রুতগতির প্রযুক্তি ‘এনভি-লিংক (NV Link)’-এর মাধ্যমে। জ্যাক গোল্ড, গবেষণা প্রতিষ্ঠান জে.গোল্ড অ্যাসোসিয়েটসের প্রধান বিশ্লেষক, বলেন— “এ মুহূর্তে এনভিডিয়ার সঙ্গে ইন্টেলের যে সম্পর্ক গড়ে উঠছে, সেটি শুধু চিপ সরবরাহের মধ্যেই সীমিত নয়। ভবিষ্যতে ইন্টেলের উৎপাদন কারখানা ব্যবহারের পথও খুলে যেতে পারে।”
ইন্টেলের জন্য কী সুবিধা?
বিশ্লেষকদের মতে, এই চুক্তি ইন্টেলকে প্রতিদ্বন্দ্বী এএমডি (AMD)-এর তুলনায় বাড়তি সুবিধা দিতে পারে। কারণ, ইন্টেলের চিপ সরাসরি এনভিডিয়ার ফ্ল্যাগশিপ পণ্যের সঙ্গে যুক্ত হবে—যা অন্য কোনো তৃতীয় পক্ষের চিপের ক্ষেত্রে ঘটছে না। এছাড়া যৌথভাবে তৈরি এসব পণ্য ২০২৭ সালে চালু হতে যাওয়া ইন্টেলের ‘১৪এ (14A) ম্যানুফ্যাকচারিং প্রসেস’-এর জন্যও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এ প্রক্রিয়া ইন্টেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পর্যাপ্ত গ্রাহক প্রতিশ্রুতি না পেলে এটি বাস্তবায়ন ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিজ-এর সিইও বেন বাজারিন এ বিষয়ে বলেন, “এনভিডিয়ার সঙ্গে অংশীদারিত্ব আমাকে আরও আশ্বস্ত করছে যে ১৪এ প্রক্রিয়া এগিয়ে যাবে। এতে ইন্টেলের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসবে।”
এনভিডিয়ার জন্য লাভ কোথায়?
অন্যদিকে, এই চুক্তি এনভিডিয়াকে নতুন এক সুবিধা এনে দিচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইন্টেলের দীর্ঘমেয়াদি করপোরেট ও সরকারি গ্রাহকভিত্তায় সহজে প্রবেশ করতে পারবে। কারণ, এখনও বিপুল পরিমাণ সফটওয়্যার ইন্টেলের প্রসেসরের জন্যই তৈরি ও অপ্টিমাইজ করা রয়েছে।
শিল্প বিশ্লেষকদের মতে, এ ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এএমডি (AMD)। কারণ, ইন্টেল ও এনভিডিয়া আলাদা খাতে এএমডির প্রতিদ্বন্দ্বী। জ্যাক গোল্ড মন্তব্য করেন, “দুই বড় প্রতিদ্বন্দ্বী যখন একসঙ্গে কাজ শুরু করে, সেটি অবশ্যই এএমডির জন্য নেতিবাচক খবর।”