গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫ , ১১:৪৫ এএম

অনলাইন সংস্করণ

#

প্রোটিয়া মেয়েদের স্বপ্ন ভেঙে প্রথমবার বিশ্বকাপ জিতল ভারত

১৯৮৩ সালের ২৫ জুন কপিল দেবের নেতৃত্বে ভারতীয় পুরুষ ক্রিকেট দল লর্ডসে প্রথম বিশ্বকাপ জিতে যে ইতিহাসের সূচনা করেছিল, ২০২৫ সালের ২ নভেম্বর সেই ইতিহাস নতুন করে লিখলেন হারমানপ্রীত কৌরের নারী ক্রিকেট দল। তাঁর নেতৃত্বে প্রথমবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত।


রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরল হারমনপ্রীত কৌরের দল।


ভারতের ইনিংস: ২৯৮ রানের বিশাল পুঁজি

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের বিশাল পুঁজি গড়ে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট টস জিতে ভেজা মাঠের সুবিধা নিতে ফিল্ডিং বেছে নিলেও ভারতীয় ওপেনারদের কাছে তাঁর সেই পরিকল্পনা ভেস্তে যায়।


স্মৃতি মান্ধানা (৪৫) এবং শেফালি ভার্মা—এই দুই ওপেনার উদ্বোধনী জুটিতে মাত্র ১৭.৩ ওভারে ১০৪ রান যোগ করেন। মান্ধানা ফিরলেও শেফালি তাঁর তাণ্ডব অব্যাহত রাখেন। জেমিমাহ রদ্রিগেজকে (২৪) নিয়ে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান শেফালি। সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে তিনি ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন।


মাঝপথে হারমানপ্রীত কৌর (২০) ও আমানজোত কৌর (১২) দ্রুত ফিরলেও, শেষদিকে হাল ধরেন দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। এই দুজন মারমুখী ব্যাটিংয়ে ৩৫ বলে ৪৭ রান যোগ করে দলকে তিনশোর কাছাকাছি নিয়ে যান। রিচা ৩৪ রানের এক ঝড়ো ক্যামিও খেলেন। দীপ্তি শর্মা ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ২৯৮ রানে পৌঁছে দেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবোঙ্গা খাকা ৩টি উইকেট শিকার করেন।


দক্ষিণ আফ্রিকার পতন

২৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো রেকর্ড গড়তে হতো। প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্টের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকা একটা সময় পর্যন্ত জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ৪২তম ওভারে স্পিনার দীপ্তি শর্মার বলে আমানজোত কৌরের অবিশ্বাস্য ক্যাচে উলভার্ট (১০১) ফিরতেই ম্যাচের মোড় ঘুরে যায়।


এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। ২৪৬ রানে অলআউট হয়ে তারা আরও একবার বড় মঞ্চে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে। বল হাতে ৫ উইকেট নিয়ে ভারতের এই ঐতিহাসিক জয়ের অন্যতম রূপকার স্পিনার দীপ্তি শর্মা। দ্বিতীয় সর্বোচ্চ দুটি উইকেট নেন শেফালি ভার্মা।