গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫ , ০৩:৪১ পিএম

অনলাইন সংস্করণ

#

প্রবাসী ও জেলে থাকা আসামিরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ঘোষণা করেছেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এবার প্রবাসী এবং আইনি হেফাজতে থাকা আসামিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।


সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।



সিইসি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রায় ১০ লাখ লোক মোতায়েন হবে। তিনি বলেন, সাধারণত যারা নির্বাচনের দায়িত্বে থাকেন, তারা নিজেরা ভোট দিতে পারেন না। এই সমস্যা সমাধানের জন্য কমিশন একটি উদ্যোগ নিয়েছে।


তিনি বলেন, "আমরা এবার উদ্যোগ নিয়েছি, যারা ভোটের দায়িত্বে থাকবেন তারা যেন সবাই ভোট দিতে পারেন। একটি অ্যাপ চালু করা হবে। যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তারা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে। গাইডলাইন অনুযায়ী ভোট দিতে পারবেন।"



এ এম এম নাসির উদ্দিন উল্লেখ করেন, আইনি হেফাজতে যারা কারাগারে রয়েছেন, তাঁরাও এদেশের নাগরিক। তিনি বলেন, "তাঁরাও যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা আমরা নিয়েছি। এছাড়া প্রবাসীও এবার ভোট দিতে পারবেন।"


সিইসি তাঁর পদকে "রুটিন দায়িত্ব" বা "চাকরি" হিসেবে না নিয়ে "মিশন" এবং "চ্যালেঞ্জ" হিসেবে নিয়েছেন বলে জানান। তিনি বলেন, বিশেষ করে এই সংকটময় মুহূর্তে গতানুগতিক ধারায় কাজ না করে ‘আউট অফ দ্য ওয়েতে’ গিয়ে কাজ করতে হবে।



সিইসি আনসার বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার মূল শক্তি আপনারাই। আগামী নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন, তাঁদের ওপর আগামীর বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এসে পড়েছে।


তিনি সবাইকে সচেতন করে বলেন, ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথেই যোগাযোগ হয়, তাঁদের বোঝাতে হবে যেন যাচাই-বাছাই ছাড়া সোশ্যাল মিডিয়ার কোনো কিছু শেয়ার না করে। তিনি জানান, এআই অপব্যবহার রোধে নির্বাচন কমিশন একটি সেল খুলেছে, যেখানে যোগাযোগ করে যে কোনো ঘটনার সত্য-মিথ্যা যাচাই করা যাবে।


অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।