প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ , ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ
পঞ্চগড়ের বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ উচ্চতায় নির্মাণ করা পতাকা স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে ১১৭ ফিট উচ্চতার এই পতাকাস্ট্যান্ডের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
পতাকাস্ট্যান্ডের বেদিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা দেশ ও জাতির গর্বের প্রতীক হিসেবে লাল-সবুজের পতাকাকে হৃদয়ে সবার ওপরে স্থান দেওয়া সহ বিশ্বের দরবারে সদা সমুজ্জ্বল রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, "এই পতাকা আমাদের ঐক্যের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমরা দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করেছি। আমরা চেয়েছি আমাদের পতাকা সর্বোচ্চ উচ্চতায় উড়ুক। আজকে সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য আমরা অপেক্ষা করেছি। আমাদের এই মিলনমেলা প্রমাণ করে দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে আমরা পঞ্চগড়বাসী এক। আমরা আজ ইতিহাসের সাক্ষী হলাম।"
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মনিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা।