প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের 'কমপ্লিট শাটডাউন', পূজার ছুটি এবং শিক্ষার্থীদের দাবির মুখে শেষ পর্যন্ত পিছিয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর এই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের এই নতুন তারিখের কথা জানানো হয়। নির্বাচন কমিশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন করা সম্ভব নয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির কারণে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মচারী পাওয়া যাচ্ছে না।
এই বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, 'বর্তমান পরিস্থিতিতে রাকসু নির্বাচন আয়োজন করা অসম্ভব। তাই কমিশন দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে।'
এদিকে রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্রশিবির। তাদের দাবি, ২৫ সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হোক।
অন্যদিকে ছাত্রদলসহ মোট পাঁচটি প্যানেল, ২০ জন স্বতন্ত্র প্রার্থী এবং হল সংসদের প্রার্থীরা নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিলেন। পোষ্য কোটা নিয়ে চলমান আন্দোলন এবং দুর্গাপূজার কারণে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার বিষয়টিকে সামনে এনে তারা এই দাবি জানান।
উল্লেখ্য, রাকসু নির্বাচনের আগে থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের 'কমপ্লিট শাটডাউন' চলছে। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনার পর এই কর্মসূচি ডাকা হয়। ফলে এখন ক্যাম্পাস পুরোপুরি ফাঁকা।