গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

#

পদ্মা নদীতে নৌকাডুবি: একজনের মৃত্যু, নিখোঁজ দুই

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে নৌকাডুবির মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার সকালে এই দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমতলী পালপাড়া এলাকার এক বৃদ্ধ মারা গেলে তার মরদেহ দাহ করার জন্য পদ্মা নদীর মাঝচরে নিয়ে যাওয়া হচ্ছিল। আত্মীয়-স্বজনদের বহনকারী একটি নৌকা মাঝনদীতে এসে প্রবল স্রোতের মুখে পড়ে ডুবে যায়। নৌকায় প্রায় ২০-২৫ জন যাত্রী ছিলেন। এই ঘটনার পর বাকিরা সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে এবং তাদের মধ্য থেকে জিতেন মণ্ডল (৬০) নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনও নিখোঁজ রয়েছেন দুজন, তারা হলেন দীলিপ (৩২) এবং হরেন সাহা (৬৫)। তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন।