গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ , ০৯:৫৩ এএম

অনলাইন সংস্করণ

#

ওসি ইফতেখারের বদলিতে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ

মোহাম্মাদপুর থানা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি ও মাফিয়া সিন্ডিকেটের সহযোগী হিসেবে পরিচিত ওসি ইফতেখারের বদলির খবরকে স্বাগত জানিয়ে রবিবার বিকেলে থানার সামনে স্থানীয় নাগরিকদের উদ্যোগে প্রতীকী মিষ্টিমুখ ও আনন্দ উদযাপন কর্মসূচি পালিত হয়।


কর্মসূচিতে বক্তারা বলেন— স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী পারভেজ হাসান সুমন বলেন, “মোহাম্মাদপুর থানা একজন দুষ্টু কর্মকর্তার হাত থেকে রক্ষা পেয়েছে। আগামী দিনেও পুলিশের কেউ যেনো অপতৎপরতা চালাতে না পারে এবং মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়ে মোহাম্মদপুরকে অশান্ত করতে না পারে— সেই দাবি জানাচ্ছি।”


স্থানীয় ব্যবসায়ী মুন্না কাজী বলেন, “মোহাম্মদপুর নিয়ে আমরা আতঙ্কিত ছিলাম। কারণ এখানে প্রচুর পেশিশক্তির ব্যবহার হচ্ছে। সাধারণ মানুষ রাজনৈতিক কালো শক্তির কারণে আইনের সেবা পাচ্ছে না। এই নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফলেই আজ ওসি ইফতেখার বদলি হয়েছেন। তবে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেছিলাম। আগামীতে যিনি দায়িত্বে আসবেন, তিনি যেন জনগণের কাতারে থেকে সেবা প্রদান করেন।”


স্থানীয় বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইসমাইল হোসেন পাটোয়ারি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের পরও আইনশৃঙ্খলার উন্নতি হয়নি, অপশাসনও দূর হয়নি। ওসি ইফতেখার সৈরাচার আমলের ধাঁচে কর্মকাণ্ড চালিয়ে গেছেন। আমরা তাকে বহুবার সতর্ক করেছি। কিন্তু তার ঔদ্ধত্যপূর্ণ আচরণে তিনি দখলবাজ, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের অভিভাবক হয়ে উঠেছিলেন। বরং ভুক্তভোগীদের সঙ্গে আপত্তিকর শব্দ ব্যবহার করতেন, যা লজ্জাজনক। অথচ তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। আমরা ডিএমপি কমিশনারসহ উর্ধ্বতনদের কাছে জানতে চাই— তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না, কারা তাকে পৃষ্ঠপোষকতা করছে এবং তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা দেখতে চাই।”


উপস্থিত অন্যান্য নাগরিক প্রতিনিধিগণ পরিষ্কার করে জানান, শুধুমাত্র ডিবিতে বদলি এবং তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে। একই সাথে নতুন ওসির প্রতি আহ্বান জানানো হয়েছে তিনি যেন মোহাম্মদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়ম থেকে মুক্ত করেন এবং জনগণের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেন।