প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে কম-বেশি সবাই একমত হলেও কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। তিনি ঐকমত্যে পৌঁছাতে না পারা বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, "জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে দলকে শক্তিশালী করার চেষ্টা করছি।" তিনি আরও অভিযোগ করেন যে, "পতিত সরকার" মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার ধ্বংস করে দিয়েছে। প্রায় ৩ কোটির বেশি নতুন ভোটার ভোট দিতে পারেনি বলেও তিনি দাবি করেন।
বিএনপির এই নেতা বলেন, "জনগণকে বাইরে রেখে দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে, যা পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি করতে পারে।" তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবেলা করা হবে এবং জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো পদ্ধতি অনুসরণ করা যাবে না। তিনি মন্তব্য করেন যে, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না।