গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৩৩ এএম

অনলাইন সংস্করণ

#

ন্যানো ব্যানানা: সোশ্যাল মিডিয়ায় এআই জেনারেটেড ছবির উন্মাদনা

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ভিজ্যুয়াল ট্রেন্ড ছড়িয়ে পড়েছে। ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ভরে উঠছে শাড়ি পরিহিতা নারীর ছবি, যার বেশিরভাগই তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে। ট্রেন্ডটির নাম দেওয়া হয়েছে— ‘গুগল জেমিনি ন্যানো ব্যানানা এআই শাড়ি’। পাশাপাশি দেখা যাচ্ছে ‘ন্যানো ব্যানানা থ্রি-ডি ফিগারিন’ নামের আরেকটি ধারা, যেখানে ব্যবহারকারীর প্রতিরূপকে থ্রি-ডি মূর্তির মতো ফুটিয়ে তোলা হচ্ছে।


ভারত ছাড়িয়ে এই ট্রেন্ডে শামিল হয়েছেন বাংলাদেশি ব্যবহারকারীরাও। কয়েক মাস আগেই ‘ঘিবলি আর্ট’ নামে জাপানি অ্যানিমেশন স্টুডিও থেকে অনুপ্রাণিত হয়ে এআই আর্ট ভাইরাল হয়েছিল, এবার সেটির জায়গা নিয়েছে এই নতুন ঢেউ। গুগলের জেমিনি ন্যানো ব্যানানা ইমেজ জেনারেটিং টুল আসলে কাজ করে ব্যবহারকারীর দেওয়া নির্দেশনার ভিত্তিতে। কোনো ছবি আপলোড করার পর ব্যবহারকারীকে লিখতে হয় কীভাবে সেই ছবিকে দেখতে চান—এটিই প্রম্প্ট।


পেশাদার প্রম্প্ট লেখার গুরুত্ব


এআই-ভিত্তিক ছবির মান অনেকটাই নির্ভর করে প্রম্প্টের ওপর। এলোমেলো নির্দেশনায় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কঠিন। তাই প্রম্প্ট লেখার সময় পোশাক, ব্যাকগ্রাউন্ড, আলোকসজ্জা, শিল্পধারা ও ছবির আবহ কেমন হবে তা নির্দিষ্ট করে উল্লেখ করা জরুরি। স্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশনা দিলে এআই কাঙ্ক্ষিত ভিজ্যুয়াল ফুটিয়ে তুলতে পারে যথাযথভাবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ট্রেন্ড কেবল বিনোদনের খোরাক নয়; ভবিষ্যতে ডিজিটাল কনটেন্ট নির্মাণ, বিজ্ঞাপন কিংবা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়েও এর বড় ভূমিকা রাখতে পারে।