গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫ , ১২:১১ এএম

অনলাইন সংস্করণ

#

নতুন করে নির্ধারিত হলো সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। বুধবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হবে এই নতুন দাম।


বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বাজারে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা।


সংগঠনটি জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।


এর আগে সর্বশেষ গত ২৪ জুলাই সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের ভরি ছিল ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা। দাম কার্যকর হয়েছিল গত ২৫ জুলাই থেকে।


চলতি বছর এ নিয়ে মোট ৪৬ বার সোনার দাম সমন্বয় হলো। এর মধ্যে দাম বেড়েছে ৩০ বার, আর কমেছে ১৬ বার। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল; যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।


তবে, সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেটের ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।