গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:২৬ পিএম

অনলাইন সংস্করণ

#

নিউজিল্যান্ডে পুলিশের গুলিতে পলাতক বাবা নিহত, তিন সন্তান উদ্ধার

 চার বছর ধরে নিউজিল্যান্ডে পলাতক থাকা টম ফিলিপস নামের এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। অভিযোগ ছিল, তিনি তার তিন সন্তানকে নিয়ে দীর্ঘ সময় ধরে জঙ্গলে আত্মগোপন করে ছিলেন। এই ঘটনাটি দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের অন্যতম বড় রহস্য হিসেবে আলোচিত ছিল।



স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাত আড়াইটার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফিলিপস নিহত হন। এ সময় এক পুলিশ কর্মকর্তা মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


পুলিশের ভাষ্যমতে, উত্তর নিউজিল্যান্ডের ছোট শহর পিওপিওতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ডাকাতির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ফিলিপসকে তার এক সন্তানকে নিয়ে একটি কোয়াডবাইক চালাতে দেখে পুলিশ। ধাওয়া দিলে পুলিশ রাস্তার ওপর কাঁটার ফাঁদ পাতে। কোয়াডবাইকটি সেই ফাঁদে আটকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে চলে যায়।


ডেপুটি পুলিশ কমিশনার জিল রজার্স জানান, কোয়াডবাইকটির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ফিলিপস পুলিশের দিকে গুলি চালান। এতে ঘটনাস্থলে প্রথম পৌঁছানো কর্মকর্তা গুলিবিদ্ধ হন। পরে অন্য একটি টহল ইউনিট ফিলিপসের মুখোমুখি হলে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।



পুলিশ আনুষ্ঠানিকভাবে লাশটি শনাক্ত না করলেও নিশ্চিত করেছে যে এটি ফিলিপসেরই দেহ। পরে দিনের বেলা ঘন বনাঞ্চলের একটি দূরবর্তী ক্যাম্পসাইট থেকে তার বাকি দুই সন্তানকে উদ্ধার করা হয়। টমের তিন সন্তানই সুস্থ আছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার জিল রজার্স।


উল্লেখ্য, টম ফিলিপস ২০২১ সালের শেষের দিকে তিন সন্তানকে নিয়ে নিখোঁজ হয়েছিলেন এবং তারপর থেকে পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না।