গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ , ০৭:০৬ এএম

অনলাইন সংস্করণ

#

নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের সময় শুভ (১৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।


শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান।


তিনি বলেন, "রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন এসে নির্বাচন কমিশনের দিকে একটি ককটেল ছুড়ে মারলে সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এরপর পালিয়ে যাওয়ার সময় আমাদের টহল টিম ধাওয়া করে হাতেনাতে শুভ নামে এক যুবককে আটক করে।"


আটককৃতদের সন্ধানে অভিযান

উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান আরও জানান, আটককৃত যুবকের কাছ থেকে পুলিশ বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে।


তিনি বলেন, "এখানে কতিপয় দুষ্কৃতিকারী বোমা সাদৃশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। আমরা ওই যুবকের কাছ থেকে যে নামগুলো পেয়েছি, তাদেরকে ধরার জন্য অভিযান চালাচ্ছি।"


এই পুলিশ কর্মকর্তা ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি জানান, পুলিশ বিষয়টি কঠোরভাবে দেখছে এবং পুলিশের বিভিন্ন ইউনিট দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে।