প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ
তরুণদের বিক্ষোভে উত্তাল নেপাল। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এবং দুর্নীতির প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ চলছে। এই আন্দোলনকে বিক্ষোভকারীরা ‘জেন-জি রেভলিউশন’ নাম দিয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কাঠমান্ডুর সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে, এমনকি গুলিও ছোড়ে। সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে রয়টার্স ও এনডিটিভির খবরে জানা গেছে। আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবাদের কারণ: সামাজিক মাধ্যম নিষিদ্ধকরণ
বিক্ষোভের মূল কারণ হলো, নেপাল সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত। গত ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ঘৃণা ও গুজব ছড়ানো হচ্ছে, সাইবার অপরাধ ঘটছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে। গত বুধবার পর্যন্ত অনিবন্ধিত সামাজিক প্ল্যাটফর্মগুলোকে নিবন্ধন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এরপর বৃহস্পতিবার থেকে অনিবন্ধিত প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় সরকার।
বিক্ষোভকারীদের দাবি, সরকারের এই পদক্ষেপ জনগণের মতপ্রকাশের স্বাধীনতাকে সরাসরি রোধ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হলেও অনেক জায়গায় তা ভেঙে ফেলেছে জনগণ।