গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

#

ময়লার ভাগাড়ে জাতীয় পরিচয়পত্র ও নির্বাচনী সামগ্রী

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার স্তূপ থেকে পাঁচ বস্তাভর্তি এনআইডি কার্ড, পোলিং কর্মকর্তার পরিচয়পত্র এবং নির্বাচনী সিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক ফতুল্লা স্টেডিয়ামের সামনের ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে চলে যান। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা বস্তাগুলো খুলে দেখতে পায়, এর ভেতরে হাজারো এনআইডি কার্ড, পোলিং এজেন্টদের কার্ড ও নির্বাচনী সিল রয়েছে। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরে এসব সামগ্রী নির্বাচন কমিশনের নারায়ণগঞ্জ অফিসে জমা দেয়।

স্থানীয় এক স্বেচ্ছাসেবী নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, "স্টেডিয়াম এলাকায় আমার একটি স-মিল আছে। এখানে ময়লা না ফেলার জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছি। রবিবার সন্ধ্যায় সাদা গাড়ি থেকে কয়েকজন লোক বস্তা ফেলে গেলে আমাদের কর্মীরা তা খতিয়ে দেখে। তখনই আমরা বুঝতে পারি, এগুলোতে ময়লা নয়, বরং এনআইডি কার্ডসহ নির্বাচনী সামগ্রী রয়েছে। তখনই পুলিশকে খবর দেওয়া হয়।"

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুস সাত্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া প্রায় চার হাজার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, "উদ্ধার হওয়া এনআইডি কার্ডগুলো লেমিনেটেড এবং সিলগুলো পুরোনো। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে তারা এসে ফতুল্লা মডেল থানায় একটি জিডি করে এগুলো নিয়ে গেছেন। নির্বাচন কমিশন যদি এ বিষয়ে মামলা করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।":