প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিষাক্ত মদপানে চার বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
মৃত ব্যক্তিরা হলেন: কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। এছাড়া, রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬) অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান যে, নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। তবে, এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম কোনো তথ্য তার কাছে নেই বলে জানিয়েছেন।